টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের মধ্যে রয়েছেন ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি রোহিঙ্গাও রয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোন জানিয়েছে, পাচারকারীরা সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে মানুষ সংগ্রহ করে পাহাড়ে বন্দি করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ দল এ অভিযান চালায়।
এ ঘটনায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।