মানিকগঞ্জ প্রতিনিধি:
সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ এর চাউল পেল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ২২৬০টি পরিবার। প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।
শুক্রবার (১৪জুন) দুপুরে চাউল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, আজকে যে চাউল উপহার দেয়া হচ্ছে, এই চাউল চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান দেননি, কোন মেম্বারও দেননি, আমি এমপিও দেইনি। এই চাউল স্বয়ং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন, যাতে আপনাদের কারো ঈদের আনন্দ কমতি না হয়। সবাই যাতে মিলেমিশে ঈদ উদযাপন করতে পারি এই জন্য সারা বাংলাদেশে এই ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
এসময় তিনি সকলকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভাল থাকলে দেশ আরো উন্নত হবে, দেশ আরো এগিয়ে যাবে।
চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বদলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন লিটনসহ আরো অনেকে।
চান্দহর ইউনিয়নসহ সিঙ্গাইরের মোট ১১টি ইউনিয়নের ১৬ হাজার ২৫০ পরিবার ও একটি পৌরসভার আওতায় ৩ হাজার ৮০ পরিবারসহ মোট ১৯ হাজার ৩৩০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ চাউল বিতরণ করা হয়।