মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু, নিরাপত্তা জোরদার

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে দুটি সন্দেহজনক পরিত্যক্ত বস্তু দেখতে পাওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিশেষায়িত বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পাওয়ার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয়। একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকার তথ্য পাওয়া যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বস্তুটির প্রকৃতি নির্ধারণে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল বিশেষজ্ঞরা কাজ করছেন।

ঘটনার পর দুই স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও পথচারীদের অপ্রয়োজনীয় ভিড় না করতে এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত তথ্য জানানো হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের গুজবে কান না দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর