মশক নিয়ন্ত্রণে বিদেশ সফরের প্রস্তাব নাকচ, দেশেই সমাধান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সময়ের চিত্র ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য সফরের জন্য পাঠানো প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাকচ করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধিদলের ফ্লোরিডা সফরের পরিকল্পনা ছিল। সফরের লক্ষ্য ছিল মশক দমন কার্যক্রমে ব্যবহৃত আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি পর্যবেক্ষণ করা।

তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী মত দিয়েছেন যে, মশা নিয়ন্ত্রণের কার্যকর উপায় খুঁজতে বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতি ও স্থানীয় অভিজ্ঞতার মধ্য থেকেই এ বিষয়ে কার্যকর সমাধান বের করা সম্ভব বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন এলাকায় মশার বিস্তার ও প্রজননস্থল সরেজমিনে পর্যবেক্ষণ করলেই বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে। মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে কার্যকর কর্মপরিকল্পনা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন আদালতের রায়ের মাধ্যমে দায়িত্ব লাভ করেন। ২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর