অবশেষে জামিন পেলেন দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী

স্টাফ রিপোর্টার:

অবশেষে জামিন পেয়েছেন দেড় মাস বয়সী কন্যাসন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, পুনঃশুনানির পর আদালত শিল্পী বেগমের জামিন আবেদন গ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন, পরদিনই তিনি কারামুক্ত হবেন।

এর আগে একই দিনে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম। দুপুরে শুনানি শেষে আদালত প্রথমে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণে এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অসুস্থ শিল্পী বেগমকে কোলে দেড় মাসের শিশুকে নিয়ে কাঁদতে দেখা যায়। স্বজনদের দাবি, সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি এবং শারীরিকভাবে এখনো সুস্থ নন। তার হাতেও আঘাত রয়েছে, ফলে শিশুটির যথাযথ যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ছে।

জামিন নামঞ্জুরের পর তাকে হাজতখানায় নেওয়ার সময় তিনি নিজের ও সন্তানের অসহায়তার কথা তুলে ধরেন। এ ঘটনার ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হলে আদালত রাতে জামিন মঞ্জুর করেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে, আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর ওপর হামলা, বাসায় ভাঙচুর এবং অর্থ লুটের ঘটনায় তিনি জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর