সময়ের চিত্র ডেস্ক:
ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ হামলায় সেতুটির বড় একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর জাজিরা-এর এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় ইরানের কারাজ এলাকার কাছে অবস্থিত একটি উঁচু সেতুকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেতুটি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে দাবি করেন, ইরানের একটি বড় সেতু ধ্বংস করা হয়েছে।
ইরানের আলবোরজ প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে সেতুর মধ্যভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটি অঞ্চলের অন্যতম উচ্চ সেতু হিসেবে পরিচিত ছিল।
এ ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরজেসির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা কোনো পক্ষকে দুর্বল করার বদলে বরং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতুটিতে দুই দফা হামলা চালানো হয়। এর ফলে সেতুর বড় অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির বিভিন্ন অংশ হামলার পর ধসে পড়েছে। বিশেষ করে এর কেন্দ্রীয় অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সেতুটি তেহরান ও কারাজের মধ্যে যানজট কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছিল।