স্টাফ রিপোর্টার:
প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের প্রস্তাব আনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের প্রথমদিকের দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এ স্বাক্ষর করে। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে দেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করা হয়, যা জনস্বাস্থ্য সুরক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহারেও তামাক ব্যবহারের ফলে সৃষ্ট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ রয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ শিগগিরই আইনে পরিণত হবে।
আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আইন কার্যকর হলে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ প্রচার কর্মসূচি নেওয়া হবে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দিন ফারুক এবং দৈনিক যুগান্তর-এর সম্পাদক আব্দুল হাই শিকদারসহ অন্যাত্রন্যরা।