নিজস্ব প্রতিবেদক:
পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের স্মরণে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার সকালে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বাজে করুণ সুর। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে তারা অংশ নেন।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ-সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় কয়েকজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান।
এই শোকাবহ দিনটি গত বছর থেকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।