চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ আকনকে অপহরণ, হামলা, অর্থ ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ আইচা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রসূলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মঞ্জুর ছেলে মো. রাকিব স্বনকার (২৯) এবং চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত গাজীর ছেলে রাজিব গাজী (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, তিনি জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাছ্নিমুল উলুম বাবুস সালাম মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সাঈদ আকনকে অপহরণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় ভুক্তভোগী সোমবার থানায় হাজির হয়ে ৬ জনকে আসামি করে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।