মিসরে ট্রাক–পিকআপ সংঘর্ষে নিহত ১৮

সময়ের চিত্র ডেস্ক:

মিসরের উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট সাঈদ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পেশায় জেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পোর্ট সাঈদের দক্ষিণে ‘৩০ জুন অ্যাক্সিস’ মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-আহরাম এর খবরে বলা হয়েছে, সংঘর্ষটি ছিল অত্যন্ত শক্তিশালী। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানির ঘটনা ঘটে এবং অন্তত তিনজন গুরুতর আহত হন।

এপি এর বরাতে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের বের করে আনেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি তদন্ত করছে মিসরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই বড় উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞদের মতে, দ্রুতগতির যানবাহন, দুর্বল ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এ ধরনের দুর্ঘটনার পেছনে প্রধান ভূমিকা রাখছে।

সূত্র: আন্তর্জাতিক

এই বিভাগের আরো খবর