উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বিশ্বকাপজয়ী জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজার–টেকনাফ সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বহরের একটি গাড়ির সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গাড়িবহরে থাকা কেউ আহত না হলেও অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া শাহপরী দ্বীপ মহাসড়ক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিশেষ প্রোটোকলে চলা গাড়িবহরের মধ্যে হঠাৎ একটি অটোরিকশা ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ফুটবল খেলায় অংশ নেন মেসুত ওজিল। পরে প্রতিনিধি দল ইফতার অনুষ্ঠানে যোগ দেন।