সময়ের চিত্র ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং জনবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা সফরকালে তিনি এসব নির্দেশনা দেন। সফরের অংশ হিসেবে শরীয়তপুর জেলা সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা ও সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।