সাত জেলায় নির্বাচনি সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সময়ের চিত্র ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একদিনে সাতটি জেলায় ধারাবাহিক নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে তিনি ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষে ভোট চান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন সিলেট থেকে যাত্রা শুরু করেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর দিনভর ও গভীর রাত পর্যন্ত একের পর এক জেলায় সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।

সূচি অনুযায়ী, বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জে বক্তব্য দেন তারেক রহমান। এরপর রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নির্বাচনি সমাবেশে অংশ নেন তিনি। রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।

প্রথম দিনের শেষ সমাবেশ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জ এলাকায়। সেখানে রাত ৪টা ১৬ মিনিটের দিকে বক্তব্য শেষ করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সমাবেশগুলোতে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খননের মাধ্যমে কৃষি ও জলব্যবস্থার উন্নয়ন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের জন্য সম্মানি ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে থাকা নেতাকর্মীদের উদ্দেশে শেষ দিকের কয়েকটি সমাবেশে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় বিএনপি চেয়ারম্যানকে।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টার এই সফরে প্রতিটি সমাবেশেই গভীর রাত পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর