অস্ত্র ছিনিয়ে পায়ে গুলি, পরে পিটিয়ে র‍্যাব কর্মকর্তাকে হত্যা

সময়ের চিত্র ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন র‍্যাবের এক কর্মকর্তা। অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নায়েব সুবেদার মো. মোতালেব নিহত হন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় একটি মামলার গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে র‍্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে ২০-২৫ জন সন্ত্রাসী র‍্যাব সদস্যদের ঘিরে হামলা চালায় বলে জানা গেছে।

হামলাকারীরা প্রথমে নায়েব সুবেদার মো. মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর সেই অস্ত্র দিয়েই তার পায়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা লাঠি, রড ও কাঠ দিয়ে নির্মমভাবে পিটিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে।

এ ঘটনায় র‍্যাবের আরও দুই সদস্য—কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম—এবং একজন সোর্স গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়েছে।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি সশস্ত্র সন্ত্রাসীকে ধরতে ১৬ সদস্যের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় চার সদস্য একটি স্থাপনার ভেতরে প্রবেশ করলে বাইরে অপেক্ষমাণ সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও জানান, আশপাশে সাধারণ মানুষ থাকতে পারে—এই আশঙ্কায় র‍্যাব সদস্যরা পাল্টা গুলি চালাননি। এ সুযোগে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালায়।

হামলার খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সলিমপুর-লিংক রোডসহ আশপাশের এলাকায় অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, র‍্যাব সদস্যদের ওপর হামলার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নিহত র‍্যাব কর্মকর্তা মো. মোতালেবের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরেই পাহাড় ও খাসজমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা ও সংঘর্ষের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

এই বিভাগের আরো খবর