ইরানে সম্ভাব্য হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রাথমিক আলোচনা

সময়ের চিত্র ডেস্ক:

ইরানের পরিস্থিতি ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে তারা এ তথ্য তুলে ধরে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে চলমান আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ঘটলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই অবস্থানের প্রেক্ষিতেই সম্ভাব্য হামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে—তা নিয়েও ওই আলোচনায় উঠে এসেছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ইরানের সামরিক অবকাঠামোর ওপর ব্যাপক বিমান হামলার সম্ভাবনাও রয়েছে।

তবে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, এই মুহূর্তে ইরানে হামলার প্রস্তুতির কোনো দৃশ্যমান আলামত নেই। এখন পর্যন্ত সামরিক সরঞ্জাম মোতায়েন বা সেনা চলাচলের মতো কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল।

এই বিভাগের আরো খবর