গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় 

সময়ের চিত্র ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারেক রহমান নিজে সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই আয়োজনে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রধান নির্বাহী, সংবাদ সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় ধরে বাস্তব পরিস্থিতির কারণে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গণমাধ্যমের সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই দলীয়ভাবে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, কঠিন সময় পেরিয়ে তারেক রহমান দেশে ফিরে এসেছেন এবং দেশবাসী তার নেতৃত্বের দিকে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থানকালেও তারেক রহমান যে বক্তব্য ও দিকনির্দেশনা দিয়েছেন, তা জাতিকে নতুন আশার আলো দেখিয়েছে। এর মাধ্যমে দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় দশক যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কিছুদিন পরই, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়।

এরপর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে তিনি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

এই বিভাগের আরো খবর