তেহরানে গুলিতে শতাধিক বিক্ষোভকারীর প্রাণহানির দাবি

আন্তর্জাতিক ডেস্ক: 

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজধানী তেহরানে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম। সাময়িকীটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে তেহরানে আন্দোলন চরম আকার ধারণ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সহিংসতা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে। এতে বহু মানুষ প্রাণ হারান। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের বরাত দিয়ে টাইম জানায়, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সাময়িকীটি বলছে, এই তথ্য সঠিক হলে এটি প্রমাণ করে যে বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের সতর্কবার্তাও উপেক্ষিত হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড অব্যাহত থাকলে ইরান সরকারকে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ইরানে এই আন্দোলন শুরু হয়, যা এখন পর্যন্ত অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংস ঘটনার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ দ্রুত সরিয়ে ফেলা হয়। তার ভাষ্য অনুযায়ী, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়, যেখানে অন্তত ৩০ জন আহত হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে তিনি দাবি করেছেন।

তবে টাইম জানিয়েছে, হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর