ভোলার মনপুরায় ভূমিকম্পের কম্পন, দ্বীপজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক :

ভোলার মনপুরা উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোরের দিকে হঠাৎ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সকাল আনুমানিক ছয়টার দিকে এ কম্পনে পুরো দ্বীপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফজরের নামাজ চলাকালে মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন কেঁপে ওঠে।

নামাজরত মুসল্লিরা আকস্মিক এই কম্পনে ভীত হয়ে পড়েন। অনেকেই নামাজ শেষ না করেই বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইসলামী আন্দোলনের আমির মাওলানা জসিম উদ্দিন ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম এনায়েত উল্লাহ নুরনবী জানান, নামাজ চলাকালীন মসজিদে দোলার মতো অনুভূতি সৃষ্টি হলে মুসল্লিদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় পুকুর ও জলাশয়ের পানি অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে দেখা গেছে। মনপুরা উত্তর সাকুচিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই কম্পন অনুভূত হয়।

স্থানীয়দের ধারণা, ভারতের মণিপুর ও আসাম অঞ্চলে সংঘটিত কোনো শক্তিশালী ভূমিকম্পের প্রভাবেই মনপুরায় এই কম্পন অনুভূত হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে মণিপুর অঞ্চলে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে মনপুরায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।

এদিকে সর্বশেষ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরো খবর