বৃহস্পতিবার থেকে দেশজুড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা

সময়ের চিত্র ডেস্ক :

এলপিজি গ্যাস ব্যবসায়ীদের দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, কমিশন বৃদ্ধি ও জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে আগেই ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের অগ্রগতি না হওয়ায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে একটি লিখিত নোটিশ জারি করা হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে সব কোম্পানির এলপিজি প্লান্ট থেকে গ্যাস উত্তোলন বন্ধ থাকবে এবং খুচরা পর্যায়ে বিক্রিও স্থগিত থাকবে।

এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তবে একই দিন বিকেল তিনটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে সরবরাহ পুনরায় শুরু হতে পারে, অন্যথায় কর্মসূচি বহাল থাকবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সংগঠনের নেতারা। তারা জানান, দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি গ্যাসের সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হবে।

আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় সমিতি।

এই বিভাগের আরো খবর