সময়ের চিত্র ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষককে (টিটিই) মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের ছাত্র পরিচয় দিয়ে টিটিইকে হুমকি দেন এবং দাবি করেন, তারা দেশ স্বাধীন করেছে—তাই তাদের টিকিটের প্রয়োজন নেই।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। টিটিইকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন অতিক্রম করার পর টিকিট পরীক্ষা শুরু করেন সিনিয়র টিটিই তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮ থেকে ১০ জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে জানান, তারা টিকিট ছাড়াই ভ্রমণ করছেন।
টিটিই তাদের নিয়ম অনুযায়ী টিকিট কাটতে অনুরোধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই যাত্রীরা টিটিইকে শাসাতে থাকেন। এ সময় তাদের সঙ্গে থাকা এক মধ্যবয়সী যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ভাড়া আদায় করা হলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরে ট্রেনটি ভৈরব বাজার (জং) স্টেশনে পৌঁছালে টিটিই নামার সঙ্গে সঙ্গে ওই যাত্রীরা স্টেশন এলাকায় তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারা দ্রুত এগিয়ে এসে টিটিইকে উদ্ধার করেন। তাদের ভাষ্য, সময়মতো হস্তক্ষেপ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারা দাবি করেন, হামলাকারীরা ভৈরব এলাকার বাসিন্দা নয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
ভুক্তভোগী টিটিই তানজিম ফরাজি বলেন, অভিযুক্তরা নিজেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে পরিচয় দেন। তারা দাবি করে, তারাই দেশ স্বাধীন করেছে—তাই টিকিট লাগে না। ডিউটি শেষে ভৈরবে নেমে পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তারা আবার তাকে ঘিরে ধরে জোর করে ব্রাহ্মণবাড়িয়া যেতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ভৈরব বাজার (জং) রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্তদের বাড়ি ভৈরবে নয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।