সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায়

ওসমান হাদি হত্যা: শুটার ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও শুটার ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অভিযোগপত্রে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পির প্রত্যক্ষ পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় রাজনৈতিক বিরোধের জেরে হাদিকে হত্যা করা হয়।

মঙ্গলবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযুক্ত ১৭ জনের মধ্যে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধান আসামি বাপ্পি ও শুটার ফয়সাল ছাড়াও আলমগীর, ফিলিপ, মুফতি মাহমুদ এবং ফয়সালের বোন জেসমিন এখনও পলাতক রয়েছেন।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় তিনি সশস্ত্র হামলার শিকার হন। একটি মোটরসাইকেলের পেছনে থাকা হামলাকারী কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর