মাদুরো আটক অভিযানে ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০ জন

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটি ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানায়, মার্কিন বাহিনীর হামলায় প্রাণহানির সংখ্যা কমপক্ষে ৪০। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, অভিযানের সময় বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনাসদস্যরাও নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে বড় পরিসরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, অভিযানে ১৫০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার পর সামরিক হেলিকপ্টারের মাধ্যমে সেনারা নিরাপদে অবতরণ করে এবং পরে প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার ভোরে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যায়। অভিযানের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘শক্তিশালী ও চমকপ্রদ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব তদারকি করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা একই দিনে একটি অভিযোগপত্র প্রকাশ করেন। এতে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়।

অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষক ও সমালোচকেরা বলছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাঁদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই অভিযান চালানো হয়েছে, যা লাতিন আমেরিকা অঞ্চলে নতুন করে অস্থিরতা ও সংকট সৃষ্টি করতে পারে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

এই বিভাগের আরো খবর