সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার দাখিল করা মনোনয়নপত্র আইনগতভাবে কার্যকারিতা হারিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রচলিত আইন অনুযায়ী কোনো প্রার্থী মৃত্যুবরণ করলে তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায়। সে বিধান অনুসারেই বেগম খালেদা জিয়ার মনোনয়নকে ‘কার্যক্রম সমাপ্ত’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তবে একই আসনে ত্রুটির কারণে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে বগুড়া-৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই আসনে বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, দুই আসন মিলিয়ে যাচাই-বাছাই শেষে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত তফশিল অনুযায়ী জানানো হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ইন্তেকাল করেন।
তার মৃত্যুর পরদিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।