যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ

ভেনেজুয়েলায় একের পর এক বিস্ফোরণ, জরুরি অবস্থা ঘোষণা

সময়ের চিত্র ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার (৩ জানুয়ারি) ভোর থেকে শহরের একাধিক স্থানে বিকট শব্দ ও ধোঁয়া উঠতে দেখা যায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবিসির লাইভ আপডেটে বলা হয়, কারাকাসের বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছু স্থানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলার অনুমোদন দিয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাজধানী কারাকাসে সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণ ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শহরটিতে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভেনেজুয়েলা সরকার এসব হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গুইয়ারা প্রদেশে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমানঘাঁটি এবং প্রধান সেনা সদর দপ্তর ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে শহরের আকাশে সামরিক বিমান চলাচলের খবরও পাওয়া গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগে ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাসংশ্লিষ্ট স্পিডবোট লক্ষ্য করে অভিযান চালানোর কথা জানায়।

ওয়াশিংটনের অভিযোগ, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং মাদক পাচারের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, মাদুরোর নেতৃত্বে ভেনেজুয়েলা থেকে অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক প্রবাহ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।

এই বিভাগের আরো খবর