হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ফের ইনকিলাব মঞ্চের অবস্থান

সময়ের চিত্র ডেস্ক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বেলা পৌনে ২টার দিকে শাহবাগে পৌঁছে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাগের শহীদ হাদি চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে আততায়ীর গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর