বিদায় ২০২৫, স্বাগত ২০২৬

সময়ের চিত্র রিপোর্ট:

রক্তিম আভায় রাঙা পশ্চিমাকাশে অস্ত যাচ্ছে আরও একটি বছরের সূর্য। ২০২৫ নামের সেই সময়খণ্ড আজ ইতিহাসের পাতায় মিলিয়ে যাচ্ছে—পেছনে রেখে যাচ্ছে অশান্তি, সংগ্রাম, আত্মত্যাগ আর জাগরণের এক গভীর ছাপ। সময়ের এই বিদায় শুধু ক্যালেন্ডারের হিসাব নয়; এটি একটি জাতির মানসিক ও রাজনৈতিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

২০২৫ সাল বাংলাদেশের জন্য ছিল ব্যথা ও প্রত্যয়ের এক যুগলবন্দি। প্রতিরোধের দিন, শোকের রাত আর মাথা নত না করা এক জনগোষ্ঠীর দৃঢ় উচ্চারণে ভর করেই কেটেছে পুরো বছর। বিদায়ের প্রাক্কালে জাতি দাঁড়িয়ে আছে গভীর শোকের আবহে। গণতন্ত্র ও জাতীয় রাজনীতির এক প্রভাবশালী প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে দেশ। কোটি মানুষের ভালোবাসা আর অশ্রুসজল শ্রদ্ধা প্রমাণ করেছে—তিনি ছিলেন কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং একটি সময়ের নাম।

এই শোকের আবহ আরও ঘনীভূত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে হত্যার ঘটনায়। দিবালোকে সংঘটিত এই নির্মমতা সমাজকে নাড়িয়ে দিয়েছে গভীরভাবে। এটি যেন স্পষ্ট করে দিয়েছে—মানুষ আর ভয় কিংবা অপূর্ণ প্রতিশ্রুতির ছায়ায় থাকতে রাজি নয়।

তবুও, এই অন্ধকারের মধ্যেই বাংলাদেশ খুঁজে পেয়েছে আলো। আত্মত্যাগের ইতিহাস বৃথা যায়নি। শহীদদের রক্ত নতুন সময়ের বীজ হয়ে রোপিত হয়েছে দেশের মাটিতে। ক্ষত-বিক্ষত বাস্তবতার মধ্যেও বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক নতুন রূপান্তরের দোরগোড়ায়। এই দেশ আজ নিজের মধ্যেই ধারণ করছে পুনর্জাগরণের অঙ্গীকার।

২০২৫ সাল কোনো আত্মসমর্পণের গল্প নয়; এটি ছিল জেগে ওঠার বছর। তবে এই জাগরণ সহজ ছিল না। বিপ্লবের মূল্য দিতে হয়েছে ভয়াবহভাবে—শূন্য হয়েছে মায়ের কোল, নিস্তব্ধ হয়েছে অসংখ্য ঘর। থমকে গিয়েছিল জীবিকার চাকা, স্বপ্নগুলো কিছু সময়ের জন্য ঝুলে ছিল অনিশ্চয়তায়। শরীরের ক্ষতের পাশাপাশি মনের গভীরে জমেছে অদৃশ্য দাগ, যা আজ জাতীয় স্মৃতির অংশ।

এই ক্ষতগুলো হয়তো মুছে যাবে না, কিন্তু সেগুলোই হয়ে থাকবে সাহসের চিহ্ন। পুরোনো, জীর্ণ ব্যবস্থার ফাটলগুলো আজ নতুন সম্ভাবনার জমিন। যেখানে একসময় অনিয়মের ছায়া ছিল, সেখানে জন্ম নিচ্ছে ন্যায়বিচারের আকাঙ্ক্ষা; হতাশার জায়গায় উঁকি দিচ্ছে সম্ভাবনা; বিভাজনের জায়গায় তৈরি হচ্ছে ঐক্যের ভাষা।

দেশ পুনর্গঠনের এই দায়িত্ব শুধু রাষ্ট্রযন্ত্রের নয়। জনগণ নিজেই আজ নিজের ভবিষ্যতের ভার কাঁধে তুলে নিয়েছে। বিশেষ করে তরুণ সমাজ—যারা ছিল এই আন্দোলনের প্রাণ—তারাই আজ আগামীর বাংলাদেশ নির্মাণের প্রধান শক্তি। বিশৃঙ্খলা ও প্রতিকূলতার মধ্যেও ২০২৫ ছিল এই দীর্ঘ অভিযাত্রার এক অপরিহার্য অধ্যায়।

২০২৬ সালের প্রথম আলো যখন দিগছ্ছশষন্তে দেখা দেবে, তখন তা শুধু নতুন দিনের সূচনা নয়—বরং দীর্ঘ অস্থিরতার পর এক শান্ত প্রত্যয়ের বার্তা। যে রাজপথ একসময় প্রতিবাদের পদধ্বনিতে মুখর ছিল, সেখানে এবার শোনা যাবে নির্মাণের দৃঢ় পদচারণা।

২০২৬ মানে কেবল নতুন বছর নয়; এটি এক জাতির মানসিক পুনর্জন্ম। অতীতের ভুল, ত্যাগ আর শিক্ষা এবার হয়ে উঠবে আগামীর দিশারি। বাংলাদেশ আর শুধু টিকে থাকার স্বপ্ন দেখছে না—এবার সে এগোতে চায় শ্রেষ্ঠত্বের দিকে।

এই নতুন বাংলাদেশের সীমাবদ্ধতা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে এটি এমন একটি বাংলাদেশ, যে ভয়কে অতিক্রম করতে জানে, অন্যায়ের মুখোমুখি দাঁড়াতে জানে এবং অক্লান্ত পরিশ্রমে নিজেকে গড়ে তুলতে জানে। ২০২৫ সালের প্রতিটি বিসর্জন আজ রূপ নিচ্ছে ন্যায়, সাম্য ও সম্ভাবনার ভিত্তিতে।

২০২৬ সালের আগমন তাই শুধু সূচনা নয়—এটি এক প্রতিজ্ঞা। অস্থির সময়ের অভিজ্ঞতাই হবে ভবিষ্যতের পথনির্দেশক। এই জাতি এখন আর নীরব দর্শক নয়; সে নিজেই ইতিহাসের লেখক।

নদীর মতো সময় এগিয়ে চলে, বাতাসে ভাসে আশার গুঞ্জন। শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশ আজ সামনে এগিয়ে যাচ্ছে দৃঢ় পায়ে।

এ বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—যা হতে পারে ইতিহাসের অন্যতম অংশগ্রহণমূলক ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই নির্বাচনের মধ্য দিয়েই সূচিত হবে নতুন রাজনৈতিক প্রভাত।

বাংলাদেশ আজ তার সম্ভাবনাময় ভবিষ্যতের পথে—যার পেছনে আছে মানুষের অদম্য প্রাণশক্তি ও অটুট আশা।

 

এই বিভাগের আরো খবর