নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত আট দলীয় রাজনৈতিক জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে। নতুনভাবে জোটে অন্তর্ভুক্ত হওয়া দল দুটি হলো—কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুটি দলের জোটে যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে, যার মাধ্যমে জোটটির পরিসর আরও বিস্তৃত হলো।
এ সময় এনসিপির কোনো প্রতিনিধি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এনসিপি নিজস্বভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটে যোগদানের বিষয়ে বিস্তারিত জানাবে।
তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের নেতা আহমদ আব্দুল বাছেত এবং জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি পরিচালিত হয়।
উল্লেখ্য, এর আগে জামায়াত নেতৃত্বাধীন এই জোটে অন্তর্ভুক্ত ছিল—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।