দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে জানাজা

ওসমান হাদির জানাজায় অংশ নিতে জনস্রোত

সময়ের চিত্র রিপোর্ট:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ দলে দলে এসে জড়ো হন। বেলা সাড়ে ১১টার আগেই অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমবেত মানুষের কণ্ঠে ওঠে শোক ও প্রতিবাদের স্লোগান—‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’। প্রিয় নেতাকে হারানোর বেদনা চোখে-মুখে স্পষ্ট থাকলেও বিচার নিশ্চিতের দাবিতে সবাই ছিলেন সোচ্চার।

জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা ও আশপাশের সব প্রবেশপথে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব ও আনসার মোতায়েন করা হয়; বিশেষ টহলে ছিল সেনাবাহিনীও। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক হাজার বডি-ওর্ন ক্যামেরা সক্রিয় রাখে।

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল শোক মিছিলের মাধ্যমে মরদেহ জানাজার মাঠে আনার প্রস্তুতি চলে। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ হাদির পরিবারের বিশেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধির নিকটে দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হবে।

এর আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। জানা যায়, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে দীর্ঘ চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন।

পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছালে বিমানবন্দরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

গণঅভ্যুত্থানের পর তরুণদের কাছে সাহস ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা হাদির প্রতি ভালোবাসার প্রতিফলন হিসেবেই আজ মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের এই অভূতপূর্ব সমাগম দেখা গেছে। বিকালেই কবি নজরুলের সমাধি সংলগ্ন এলাকায় তার দাফন সম্পন্ন করা হবে।

এই বিভাগের আরো খবর