ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

সময়ের চিত্র ডেস্ক:

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি–এর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–৫৮৫ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করেছে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছানোর পর বিমানবন্দরজুড়ে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

 

এর আগে একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিট) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

 

বিমানবন্দরে ৮ নম্বর গেট দিয়ে মরদেহ বের করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রবেশপথে প্রত্যেককে তল্লাশির মধ্য দিয়ে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে।

 

দূর–দূরান্ত থেকে অনেক মানুষ হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরের আশপাশে জড়ো হচ্ছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

 

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, মরদেহ দেশে আনতে এবং যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা যান।

এই বিভাগের আরো খবর