ভোলা সংবাদদাতা :
ভোলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এর আয়োজন করে।সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), সিভিল সার্জন মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আমিনুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো : হারুনুর রশিদ, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেকসহ মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন সরকারি অফিস প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। দেশের মেধাশূন্য করার লক্ষ্যে বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়।
বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষ্যমহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।