পাবনায় ৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে এক নারী গ্রেপ্তার

সময়ের চিত্র ডেস্ক:

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ এলাকায় আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর)  তাকে আটক করা হয়।

 

মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় একটি মামলা করেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনকে একমাত্র আসামি করা হয়েছে।

 

প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এটিকে “অমানবিক” বলে উল্লেখ করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি দল ঈশ্বরদীতে পৌঁছে তদন্ত শুরু করে।

 

অন্যদিকে, অভিযোগ ওঠার পর অভিযুক্ত নারীর স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইউএনও জানান, নির্দেশ পাওয়ার পরই পরিবারটি কোয়ার্টার খালি করেছে।

 

গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গেজেটেড ভবনের বাসিন্দা নয়নের স্ত্রী নিশি খাতুন কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সোমবার সকালে ইউএনও কার্যালয়ের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান, নয়নের ছেলে তাকে জানায়—তার মা নিজ হাতে ছানাগুলোকে পানিতে ফেলে দিয়েছে। পরে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় আটটি মৃত ছানা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরো খবর