কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষায় ফিরছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা

সময়ের চিত্র ডেস্ক:

চার দফা দাবিতে শুরু হওয়া কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সমিতির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক ধারাবাহিকতা বিবেচনায় কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার অনিশ্চয়তার কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানসিক চাপে ছিলেন। তাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়—এ দায়িত্ববোধ থেকেই শিক্ষকরা পরীক্ষায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

 

একই সঙ্গে শিক্ষকদের চার দফা ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সমিতি জানায়, কর্মসূচিতে যাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। দাবিগুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।

 

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে সহকারী শিক্ষক ক্যাডারভুক্তি, শূন্য পদে নিয়োগ–পদোন্নতি, বকেয়া টাইমস্কেল-সিলেকশন গ্রেড অনুমোদন এবং সহকারী শিক্ষকদের অতিরিক্ত ইনক্রিমেন্ট পুনর্বহালের দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে যান। কর্মবিরতির কারণে সোমবার ও মঙ্গলবার বেশ কিছু বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এই বিভাগের আরো খবর