সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে এবং নতুন কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে মেডিক্যাল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি।
রবিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের মতে, অবস্থার অবনতি হয়নি, আবার উল্লেখযোগ্য উন্নতির কথাও পাওয়া যায়নি।”
তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার জন্য দোয়া করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিএনপির বিজয় দিবস উপলক্ষে নির্ধারিত মশাল প্রজ্বলনসহ ১৫ দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত রোডশো কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণজনিত কারণে দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়া ধরা পড়ায় গত রবিবার থেকে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।