সশস্ত্র বাহিনী দিবস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সময়ের চিত্র ডেস্ক:

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সকালে ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পরপরই শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

রাষ্ট্রপতির পর ক্রমানুসারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

দিনব্যাপী কর্মসূচি

 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধান আজ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধান উপদেষ্টা নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। অনুষ্ঠানে ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে।

 

এই আয়োজনে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মুখ্যসচিবসহ বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

 

বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আরেকটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, বীরশ্রেষ্ঠ পরিবার, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি–পেশার আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

 

বিভিন্ন স্থানে নানা আয়োজন

 

ঢাকার বাইরে বরিশাল, কক্সবাজার, সিলেট, বগুড়া, ঘাঁটাইল, রংপুর, চট্টগ্রাম, যশোর ও খুলনা সেনানিবাসেও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা ও নানা আয়োজন চলছে। অন্যান্য সামরিক স্থাপনাতেও দিনটি পালন করা হচ্ছে বিশেষ গুরুত্বের সঙ্গে।

 

এদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, চাঁদপুর ও বরিশালে বিশেষভাবে সাজানো নৌবাহিনীর জাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

 

গত ২০ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান প্রচার হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

এই বিভাগের আরো খবর