গোপালগঞ্জে ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে বিজিবি -পুলিশের কঠোর নিরাপত্তা 

সময়ের চিত্র ডেস্ক:

জুলাইয়ের গণ-অভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের অনলাইন ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলার সর্বত্র নিরাপত্তা জোরদারে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মোট ৭০০ সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও ১০০ সদস্য এবং অতিরিক্ত ৬০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, রায় ঘোষণার আগে ও পরে সম্ভাব্য পরিস্থিতির জন্য বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে।

 

আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে। এ উপলক্ষে প্রশাসন নিরাপত্তা আরও জোরদার করেছে।

 

এদিকে, অনলাইন ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের হয়েছে—সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় এসব মামলা করা হয়। মামলাগুলোতে মোট ১৯৯ জনকে নামীয় আসামি এবং প্রায় ৯০৯ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

এই বিভাগের আরো খবর