শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অপর দুই আসামির রায়ের তারিখ আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে।

 

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ এ সংক্রান্ত তারিখ নির্ধারণ করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। এদের মধ্যে সাবেক আইজিপি মামুন আদালতে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

 

প্রথমদিকে মামলায় একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। পরে ২০২৪ সালের ১৬ মার্চ প্রসিকিউশনের আবেদনের পর আদালত মামুনকে সহ–আসামি হিসেবে যুক্ত করেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। নতুন গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। ওই বছরের ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করে এবং শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

 

তদন্ত শেষে গত ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। পরে ১ জুন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ।

 

অভিযোগে বলা হয়—

২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া,

আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ,

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,

ঢাকার চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং

আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারা—এই পাঁচটি অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ১০ জুলাই অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন। সাবেক আইজিপি মামুন একমাত্র গ্রেপ্তার আসামি এবং তিনিই রাজসাক্ষী হয়েছেন।

 

গত ১২ অক্টোবর যুক্তিতর্ক শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয়। প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দাবি করেছে, অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের খালাস প্রার্থনা করেছেন।

 

রায় ঘোষণার তারিখ ঘিরে কোনো অপতৎপরতা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি বলেন, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও আইনানুগভাবে চলছে। সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসেবেই কেউ কেউ এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

এই বিভাগের আরো খবর