ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে

১৮ স্থানে হামলা- অগ্নিসংযোগ, ঢাকায় নিরাপত্তা জোরদার

সময়ের চিত্র ডেস্ক:

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একদিনে অন্তত ১৮টি চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত এসব ঘটনায় বাস, ব্যাংক, ট্রেন ও অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোল বোমা হামলাও হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকায় প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি অভিযান। গত ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রাজধানীতে ধারাবাহিক অগ্নিসংযোগ:

 

রাজধানীর চারটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুর, দোলাইরপাড়, রমনা ও কাকরাইল এলাকায় এসব অগ্নিকাণ্ডে যানবাহনের সামান্য ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হয়েছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে একজন পথচারী আহত হন।

 

ব্যাংক ও প্রতিষ্ঠানে হামলা:

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে আবারও পেট্রোল বোমা হামলা হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

 

গাজীপুর ও আশুলিয়ায় বাসে আগুন:

 

গাজীপুরের ভোগড়া, কাশিমপুর ও শ্রীপুরে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

সাভারের আশুলিয়ায় পার্কিং করা একটি বাসে আগুন দিলে চালক আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়।

 

অন্যান্য জেলার ঘটনা:

 

নারায়ণগঞ্জে জালকুড়ি এলাকায় একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরিত হয়।

 

আড়াইহাজারে ককটেল বিস্ফোরণ ও নাশকতা পরিকল্পনার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।

 

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নোয়াখালীতে গত তিন দিনে বিভিন্ন অপরাধে ৪২ জন গ্রেপ্তার হয়েছে।

 

রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতা ও ছয় কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

 

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের চার কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মৌলভীবাজারে কমলগঞ্জের পশ্চিম বালিগাঁও এলাকায় রেললাইনের ওপর স্লিপার ফেলে রাখে দুর্বৃত্তরা, যা পরে সরিয়ে নেওয়া হয়।

 

 

বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা:

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক স্থাপনার ফটকে তালা ঝোলানোর ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফটকে ‘লকডাউন বিএসএল’ লেখা কাগজ টানানো ছিল।

 

নিরাপত্তা ব্যবস্থা জোরদার:

 

রাজধানীর আমিনবাজার, রূপগঞ্জ ও পূর্বাচলসহ বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রী তল্লাশি করছে পুলিশ। সাভার মডেল থানার ওসি জানান, “জননিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চলবে।”

 

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা লকডাউনকে কেন্দ্র করে কোনো ধরণের অস্থিতিশীলতা এড়াতে সারাদেশে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

 

এই বিভাগের আরো খবর