আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেককে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
সময়ের চিত্র ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে মাঠে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে পর্যায়ক্রমে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপে ৫০ শতাংশ সেনাসদস্যকে মাঠ থেকে ফিরিয়ে এনে বিশ্রাম ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। পরবর্তী ধাপে বাকিদের ফেরানো হবে এবং প্রশিক্ষণ শেষে তারা আবার দায়িত্বে ফিরবেন।
সভা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সেনা সদস্যদের একাংশকে ফিরিয়ে আনার মাধ্যমে সরকার মাঠপর্যায়ের প্রতিক্রিয়া ও সামগ্রিক আইনশৃঙ্খলার স্থিতি পর্যবেক্ষণ করতে চায়। দীর্ঘ সময় ধরে টানা মাঠে দায়িত্ব পালন করায় বাহিনীর মধ্যে ক্লান্তি ও কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছিল বলেও সূত্রটি উল্লেখ করেছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় মাঠে থাকবে।