সময়ের চিত্র ডেস্ক:
বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান। এতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বাক্ষরের তারিখ ও আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হয়।
বৈঠকে বিশেষজ্ঞদের পরামর্শ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের একাধিক বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়। এ সময় আশা প্রকাশ করা হয়, এসব মতামতের আলোকে সনদ বাস্তবায়নের প্রস্তাবনা ও সুপারিশ শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।
বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।