দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা

সময়ের চিত্র ডেস্ক:

লন্ডন, ব্রাসেলস ও বার্লিনের বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছিল। বড় ধরনের ক্ষতি না হলেও বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয় সংস্থার অভ্যন্তরে। এর পরিপ্রেক্ষিতে অ্যাভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ ও গোয়েন্দা সংস্থার পরামর্শে ১০ দফা নির্দেশনা পাঠানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

 

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে নির্বিঘ্ন বিমান পরিবহন নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

 

নির্দেশনায় উল্লেখিত প্রধান বিষয়গুলো হলো—

 

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা,

 

সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা,

 

সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ রাখা,

 

পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা,

 

অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা,

 

এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) সক্রিয় রাখা।

 

 

এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে জানাতে বলা হয়েছে।

 

বেবিচকের একাধিক সূত্র জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে সাইবার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ইউরোপের কয়েকটি বিমানবন্দরে হামলার পর সেখানে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশও আগাম প্রস্তুতি নিয়েছে।

 

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ইতিমধ্যে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন করে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের সুপারিশ করেছে, যাতে ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধে সক্ষমতা বাড়ানো যায়।

এই বিভাগের আরো খবর