সময়ের চিত্র আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা উপেক্ষা করে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ১২ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের প্রাণহানি ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের বিষয়ে ইসরায়েল ও হামাস উভয়েই প্রাথমিক সম্মতি জানালেও, ইসরায়েল রাতভর অভিযান অব্যাহত রেখেছে।
দুর্ভিক্ষে আরও প্রাণহানি
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে গাজায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষ বা অপুষ্টিতে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫৪ জন শিশু।
সহায়তা বিতরণে বাধা
চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে বাধা দিয়ে নিজস্ব ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামে একটি পৃথক উদ্যোগ নেয়। এতে যুক্তরাষ্ট্রও সমর্থন দেয়। এই পদক্ষেপের পর থেকে খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ আরও প্রকট আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্য বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া সাধারণ নাগরিকদের লক্ষ্য করেও ইসরায়েলি সেনারা গুলি চালাচ্ছে, এতে প্রতিদিনই বহু মানুষ নিহত হচ্ছেন।