সময়ের চিত্র ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। আদালতের নির্দেশে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অর্থ বাজেয়াপ্ত হয়েছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে অজ্ঞাত হ্যাকাররা সুইফট কোড ব্যবহার করে ১০১ মিলিয়ন ডলার স্থানান্তর করে। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে যায়। বাকি ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার এক ব্যাংকে পাঠানোর চেষ্টা করা হলেও বানান ভুলের কারণে তা ব্যর্থ হয়।
পরে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়। তবে চুরি হওয়া অর্থের একটি বড় অংশ সে দেশের ক্যাসিনো খাতে পাচার হয়েছিল।
রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপ-পরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। সেই মামলা বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।