সময়ের চিত্র ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি “জুলাই বীরত্ব” ও “জুলাই আত্মত্যাগ” জাতিকে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা বারবার স্মরণ করিয়ে দেবে।
শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
“জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। সেই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল।”
উপদেষ্টা আরও বলেন, এ উদ্যোগ তরুণ সমাজকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে। “আমাদের দায়িত্ব হবে তাঁদের এ ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং দেশকে এগিয়ে নিতে তাঁদের আদর্শ ধারণ করা।”
তিনি জানান, “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে পদ্মা সেতুর দুই প্রান্তের ম্যুরাল চত্বরে এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এবং সংস্কৃতি উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী।
শিল্পীদের সম্মিলিত প্রয়াসের প্রশংসা করে তিনি বলেন, এই শিল্পকর্ম ইতিহাসের অমূল্য সাক্ষী হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোছাম্মৎ মমতাজ বেগম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম প্রমুখ।
পরে উপদেষ্টা পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তেও একই গ্রাফিতির উদ্বোধন করেন। এছাড়া তিনি লৌহজংয়ের হলদিয়ায় পদ্মা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের স্থান পরিদর্শন করেন।