কিশোর পত্রিকা ‘নবারুণ’-এর লেখকদের সঙ্গে মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শিশুদের স্মৃতি নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের আহ্বান তথ্য উপদেষ্টার

সময়ের চিত্র ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শিশুদের স্মৃতি ও লেখা নিয়ে কিশোর পত্রিকা ‘নবারুণ’-এর একটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে হবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ‘নবারুণ’ পত্রিকার লেখকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

 

উপদেষ্টা বলেন, “নবারুণ পত্রিকায় শিশু-কিশোরদের আঁকা ছবি ও লেখা গুরুত্বসহকারে প্রকাশ করতে হবে। এতে তাদের সৃজনশীলতা বিকশিত হবে।” তিনি লেখকদের প্রতি আহ্বান জানান— ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে লেখালেখি করার জন্য।

 

মাহফুজ আলম আরও বলেন, “যে সরকারই দায়িত্বে থাকুক না কেন, শিশু-কিশোরদের ব্যাপারে নিরপেক্ষ থাকা উচিত।”

 

তিনি ‘নবারুণ’ পত্রিকা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ১৯৭০ সাল থেকে প্রকাশিত সকল সংখ্যা ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ করতে হবে এবং তা জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে। এতে পাঠক অনলাইনে পুরোনো সংখ্যা পড়ে সমৃদ্ধ হতে পারবেন।

 

উপদেষ্টা পত্রিকার কলেবর বৃদ্ধি ও নতুন লেখকদের অন্তর্ভুক্তির তাগিদ দেন। তিনি বলেন, প্রতিটি সংখ্যায় অন্তত পাঁচ জন নতুন লেখকের লেখা প্রকাশ করতে হবে। পাশাপাশি শিশু-সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এমন প্রবীণ লেখকদের রচনা ধারাবাহিকভাবে প্রকাশ এবং লেখক-সম্মানি বাড়ানোর বিষয়েও তিনি কর্তৃপক্ষকে পরামর্শ দেন।

 

সভায় ‘নবারুণ’ পত্রিকার লেখকেরা নিজেদের মতামত তুলে ধরে একে একটি অসাধারণ ও সাহসী কিশোর পত্রিকা হিসেবে অভিহিত করেন। তাঁরা পত্রিকার মানোন্নয়নে বেশ কিছু প্রস্তাবও উপস্থাপন করেন।

 

মতবিনিময় সভায় বক্তব্য দেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। সভার শুরুতে পত্রিকা বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন সম্পাদক ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিদপ্তরের সিনিয়র সম্পাদক শাহিদা সুলতানা।

এই বিভাগের আরো খবর