ভোলা প্রতিনিধি:
ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় ইমাম সমিতির সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী (প্রচলিত নাম নোমানী হুজুর) ঘরে ঢুকে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পরিবারসূত্রে জানা যায়, ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তানরা শ্বশুরবাড়িতে ছিলেন। একা বাড়ি ফেরার পর আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই আলেম সমাজ ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে শহরের কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশ করেন। এ সময় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, মাওলানা বনি আমিন, জামায়াতে ইসলামীর পৌর আমির জামাল উদ্দিন, হেফাজতে ইসলামের পৌর সভাপতি মিজানুর রহমান আজাদীসহ অনেকে। শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন জানান, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে আজ রোববার (৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।