সময়ের চিত্র ডেস্ক:
ঢাকায় ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আটজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—
সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল
ছাত্রলীগ নেতা মো. তানজিল হোসেন অভি (বাউফল উপজেলা)
যুবলীগ নেতা মো. আনিসুর রহমান হাওলাদার (সূর্যমনি ইউনিয়ন, বাউফল)
বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সম্পাদক এ কে এম খোরশেদ আলম
আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন বাবলু (৩২ নম্বর ওয়ার্ড, বংশাল)
যুবলীগ নেতা আল মামুন ভূঁইয়া (১ নম্বর ওয়ার্ড, উত্তরা পূর্ব)
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কায়কোবাদ ওসমানী
মো. আনোয়ার হোসেন (সাবেক সভাপতি, খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, লৌহজং, মুন্সিগঞ্জ)
পুলিশের তথ্যমতে, তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে ঝটিকা মিছিল ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিবরণ
মোহাম্মদপুর থেকে সাবেক এমপি পাভেল
মানিকদিয়া থেকে অভি ও আনিসুর
পান্থপথ থেকে খোরশেদ আলম
নয়াবাজার থেকে বাবলু
কোতোয়ালি থানার পুলিশ ক্লাবের সামনে থেকে মামুন ভূঁইয়া
মালিবাগ চৌধুরীপাড়া থেকে কায়কোবাদ ওসমানী
কাকরাইল থেকে আনোয়ার হোসেন
আদালতের আদেশ
শুক্রবার দুপুরে সাবেক এমপি পাভেলকে হত্যা চেষ্টা মামলায় ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন নিউমার্কেট থানার মামলায় তাকে আদালতে হাজির করা হয়। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি।
মামলায় অভিযোগ করা হয়, গত ২ আগস্ট নিউমার্কেট এলাকায় একটি শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো হয়, যাতে একাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট আহতদের একজন মামলা দায়ের করেন।
আইনজীবীরা জানিয়েছেন, মামলার নথি হাতে পেলে জামিনের বিষয়ে পরবর্তী শুনানি হবে।