শীঘ্রই আসছে মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা

বিনোদন প্রতিবেদক:

 

ভাদ্র মাসের গরম-রোদ-বৃষ্টির আবহেও শেষ হয়েছে নতুন একটি মিউজিক্যাল ফিল্মের শুটিং। কবি ও গীতিকার কামরুল হাসান সোহাগ এর কথায়, শামীম মাহমুদের সুর ও সংগীতায়োজনে নির্মিত হয়েছে গান “বলবো কাকে দুটো মনের কথা”। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বর্গের কণ্ঠ।

 

ফিল্মটি প্রযোজনা করছে এলএসবি টিভি এবং তত্ত্বাবধানে রয়েছে বিআরএস কথার চিত্র। এতে অভিনয় করেছেন নবাগত নায়ক হাবিবুর রহমান বাবু, মডেল-অভিনেত্রী নাজনীন, সাথী ও লুৎফরসহ আরও অনেকে।

 

গানের লেখক কামরুল হাসান সোহাগ বলেন—

 

> “গল্প, গান, উপন্যাস লিখতে আমার ভালো লাগে। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, তবে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। আমিও চাই আমার লেখার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে।”

 

 

 

পরিচালক বিশাল আহমেদ ফরহাদ জানান—

 

> “গানটি শোনার পর মনে হয়েছে বহুদিন পর একটি ভালো মানের গান শুনলাম। তাই গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আধুনিক প্রেমের গল্প চিত্রায়ন করার চেষ্টা করেছি।”

 

 

 

নতুন নায়ক হাবিবুর রহমান বাবু পেশায় একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রমাণ করছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্র “স্বপ্ন দেখে মন” মুক্তির অপেক্ষায় রয়েছে। গানটির বিষয়ে তিনি বলেন—

 

> “গানটির কথাগুলো গভীর অর্থ বহন করে। লেখকের প্রতি শ্রদ্ধা থেকে এবং ব্যক্তিগত ভালো লাগা থেকেই এতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের কাছে ভালো লাগবে।”

 

 

 

খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্ম “বলবো কাকে দুটো মনের কথা”, যা দর্শকদের হৃদয়ে নতুন এক অভিজ্ঞতা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর