আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

সময়ের চিত্র ডেস্ক:

গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন জামিনের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাইদের জামিনের এ তথ্য নিশ্চিত করেন। সাইদের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া জানিয়েছেন, বুধবার এই তরুণ কারামুক্ত হবেন বলে আশা করছেন তিনি।
গত ২৪ অগাস্টে ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার তিনজনের অপর দুই আসামি হলেন, রাজু আহমেদ ও শেখ মো. শাকিল।

দুই ভাই আর এক বোনের মধ্যে সাইদ সবার বড়। মুন্সিগঞ্জের খাসহাটে বাবা-মায়ের কাছে না থেকে নানি এবং মামার সঙ্গে নারায়ণগঞ্জের পাগলায় থাকত ২২ বছর বয়সী সাইদ। সেখান থেকে কীভাবে গুলিস্তানে এল, তা বুঝতে পারছে না পরিবার। তবে মাঝেমধ্যে একা একা সে অনেক জায়গায় চলে যেত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সাইদের মা সুমি বলেন, “ও হাত দিয়ে নিজে ভাত খেতে পারে না। কোনো কাজ নিজে করতে পারে না। দৌড়াতে গেলে পড়ে যায়; কথাও ভালো বোঝা যায় না। ওর মত একটা প্রতিবন্ধী ছেলে জেলে আছে; টেনশন হচ্ছে। কীভাবে কী করতেছে! একদিন জেলেখানায় দেখা করতে গিয়ে শুনেছি, জেলখানায় কিছু খায়নি। আমরা পুরো পরিবার দুশ্চিন্তায় আছি। আমার প্রতিবন্ধী ছেলেটার মুক্তি চাই।”

এই বিভাগের আরো খবর