গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে গোলাম মোস্তফা ডাকু (৫০) নামে এক বিএনপি নেতাকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে পৌরসভার চৌগাছা (ভিটাপাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।

 

গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ডাকু ওই এলাকার মৃত আজিজুল হক খোকনের ছেলে এবং গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

 

র‌্যাব গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এসএন) জানান, র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এবং গাংনী সেনা ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর