চরফ্যাশন প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হল রুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলায় শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান, সাবেক মেয়র ও বিএনপি নেতা আনম আমিরুল ইসলাম মিন্টিজ, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত নেতা মাওলানা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে ভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের এসএসসি ও এইচএসসি পাস করা ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়।এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে সাহায্য করার বিষয়ে যথাযথ জ্ঞান থাকে না। তাই ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্তাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও সুযোগ সৃষ্টি করা অতীব প্রয়োজন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। আদর্শ মানুষ, ধর্মীয় নৈতিকতা থাকতে হবে, সেই সাথে সামনের দিনগুলোতে শিক্ষায় আরো ভালো পারফরমেন্স করে দেশকে এগিয়ে নিতে হবে।